দেশজুড়ে

বাজারে ঢুকে উল্টে গেল বালুবোঝাই ট্রাক, নিহত ৪

রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে পড়েছে। ট্রাকটির ধাক্কা ও চাপায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার জল মলিয়া বাজার এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে—সকাল ৭টা ৫৫ মিনিটে—ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি হঠাৎ বাজারের ভেতরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকাজে পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট অংশ নেয়।

এ ঘটনায় চারজন নিহত এবং একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।

আহত ব্যক্তির হলেন, পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন