শনির আখড়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ
টানা সাত দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর রায়েরবাগ-শনিরআখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌন ১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। ডেমরা জোনের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের অভিযোগ, ৭ দিন গ্যাস না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা সড়ক অবরোধে নামতে তারা বাধ্য হয়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে গ্যাস সরবরাহ পুনরায় চালুর সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে নেওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন আন্দোলনকারীরা।
সাজেদুর রহমান বলেন, সমস্যা সমাধানে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়া হবে।
আই/এ