তিনদিনের মধ্যে নবম জাতীয় বেতন কমিশন প্রতিবেদন ব্স্তবায়নের দাবী
আগামী তিনদিনের মধ্যে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন না করা হলে সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ। আজ সোমবার ( ২ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে এই ঘোষণা দেন পরিষদের নেতারা।
এসময় জানানো হয়, দীর্ঘ সাত বছর ধরে বেতন কমিশনের দাবি জানানো হচ্ছে। তবু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছেনা। গেল ৫ ডিসেম্বর লক্ষাধিক সরকারি কর্মচারীর অংশগ্রহণে একটি মহাসমাবেশের মাধ্যমে তারা আবারো দাবি উত্থাপন করেছিলেন। তখন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে বলে আশ্বাস দিয়েছিলো সরকার। কিন্ত তারপর দেড় মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে বলেছিলেন, বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না। আন্দোলন স্তিমিত রাখতেই কমিশন গঠন করা হয়েছিল। এই মন্তব্যের কারন প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হেয়েছে। এসব বিষয় বিবেচনা করে সংগঠিতভাবে পরবর্তী আন্দোলনের কর্মসূচি সাজানো হচ্ছে। আগামী তিনদিনের মধ্যে দাবী না মানা হলে আগামী ৫ ফেব্রুয়ারী সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব সরকারী দপ্তরে বিক্ষোভ ও সমাবেশ করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করা হবে।