রাজনীতি

একাত্তর ভুলে গেলে অস্তিত্ব বিলীন হবে: মির্জা ফখরুল

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১ কে পিছিয়ে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলবো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত এক নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে, ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার সুযোগ তৈরি করেছে। একাত্তরকে ভুলে গেলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরকে পিছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই আমাদের সামনে এগোতে হবে। এ বিষয়ে কোনো আপোষ করা যাবে না, আর স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপোষের প্রশ্নই আসে না।”

বিএনপির মহাসচিব বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তিনি বলেন, জামায়াতে ইসলামী বা ধর্মকে পুঁজি করা কোনো দল কিংবা সংগঠনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না।

ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পাঁচ বছরে একবারই আমরা ভোট দিই। এই ভোট একটি আমানত। এটাকে খেয়ানত করা বা নষ্ট করা উচিত নয়। যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন, তাকেই ভোট দিতে হবে। ভোট নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

সভায় তিনি সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। এ সময় জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা ও পৌর বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন