পঞ্চমবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। পঞ্চম দফায় নতুন করে আগামী ৯ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মামলার তদন্ত সংস্থা সিআইডি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন তারিখ ধার্য করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গেল ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই তদন্তে অসন্তোষ জানিয়ে গেল ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করেন।
শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলন ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গেল বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তার মৃত্যু হয়।
ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে সাবেক কাউন্সিলর বাপ্পি ও ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। মামলার অপর আসামিরা হলেন— মো. হুমায়ুন কবির (৭০), হাসি বেগম (৬০), সাহেদা পারভীন সামিয়া (২৪), ওয়াহিদ আহমেদ শিপু (২৭), মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেফতার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)।
তদন্ত কর্মকর্তার জানান, হাদির রাজনৈতিক বক্তব্য ও নির্বাচনি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এবং নির্বাচনী পরিবেশে আতঙ্ক সৃষ্টি করতেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ পাঁচজন এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।
এমএ//