শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ
শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চ-এর নেতারা।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অবস্থান কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে লেখেন, “জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী।”
অবস্থান চলাকালে আব্দুল্লাহ আল জাবের বলেন, নিরাপত্তা বিবেচনায় সীমিতসংখ্যক মানুষ নিয়ে তারা কর্মসূচিতে এসেছেন। “প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিচারের পরিপূর্ণ আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’
তিনি আরও জানান, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ-এর অধীনে নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এমএ//