জাতীয়

দেশের ২৭ দুর্গম ভোটকেন্দ্রে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: প্রতীকী ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) তাদের দায়িত্বাধীন ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা এবং পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে গত ৩০ জানুয়ারি পানছড়ি উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়। একই সঙ্গে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ১টি ভোটকেন্দ্রে মোট ৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নাড়াইছড়িতে অবস্থিত ১টি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা যানবাহন, পায়ে হেঁটে ও নদী পারাপারের মাধ্যমে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। একই সঙ্গে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় ২টি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে জনসংযোগ, জনসচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে উপকূলীয় ৬টি উপজেলা ব্যতীত ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন