পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহতদের মধ্যে আরও একজন পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। আহত হয়েছেন ১৫ জন।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানিয়েছেন, সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে সাত থেকে আটজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে জানা গেছে, দুজন নিহতের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার।
এসি//