এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই: মির্জা ফখরুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গেল ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে বিএনপি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।
তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। এবারের নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ কোনো সুযোগ নেই। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিটি নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। জামায়াত কৌশলগতভাবে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, যাকে খুশি তাকে ভোট দিন— এটাই আমাদের অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এমএ//