রমজানে ব্যাংক লেনদেনের সময়সীমা জানালো কেন্দ্রীয় ব্যাংক
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, রোজার মাসে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় বিকল্প ব্যবস্থায় লেনদেন চালু রাখতে হবে।
রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ উপলক্ষে আগেভাগেই নতুন সময়সূচি নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এমএ//