খাসির মাংসের নামে বিক্রি হতো কুকুরের মাংস
নওগাঁর ধামইরহাট এলাকার একটি বাজারে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান , আজ সকালে এনতাজুলের বাড়িতে কুকুর জবাই করার বিষয়টি লক্ষ্য করেন তারা । বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্তরা দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ধামইরহাটের নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে এনতাজুল ও তার সহযোগী স্থানীয় কসাই দুলু মৌলভী নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন।
গোলাম কিবরিয়া বলেন, অভিযুক্ত দুই কসাই এর দোকান থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস পেয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে জবাই করা কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।
এন/জে/আর