দেশজুড়ে

তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানের পর ভাঙচুর ও তালাবদ্ধ থাকা বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে প্রবেশ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। এসময়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা দেন তারা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা প্রবেশ করেন এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।  দেয়ালে প্রথমে শেখ হাসিনার ছবি, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেন। পরে কার্যালয়ের প্রধান ফটকে দলীয় সাইনবোর্ড টানানো হয়।

সিফাত সিকদার বলেন, তাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, ধানমন্ডি ৩২সহ  স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে দলীয় প্রধান ও জাতির পিতার ছবি এবং দলীয় কার্যালয়ের ব্যানার টানিয়েছেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ‘এত দিন দেশে কোনও গণতান্ত্রিক সরকার ছিল না, তাই দলীয় কার্যালয়ে যেতে পারেননি নেতাকর্মীরা। এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে ছবি ও ব্যানার টাঙানোর বিষয়ে আমি কিছু জানি না।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন