সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। সরকারের তথ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নিরবতা পালন করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বেলা ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মোনাজাতেও অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুরে সচিবালয়ে প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট বিভাগ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনী তল্লাশি ও প্রহরায় দায়িত্ব পালন করছেন।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এসি//