আইন-বিচার

শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তিতে ফি নেয়া যাবে না

কোনও শিক্ষা প্রতিষ্ঠানে কোনও শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠলে কোনও ভর্তি ফি গ্রহণ করা যাবে না। স্কুলে টিউশন ফি ও সেশন চার্জ আদায়ের জন্য কমিটি করে দিয়েছে সরকারএই কমিটির তত্ত্বাবধানে সব ধরনের ফি ও টিউশন ফি আদায় করতে হবে। নীতিমালা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিতসহ কঠোর বিধান রাখা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।

নীতিমালায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নামে  ব্যাংকে হিসাব খুলতে হলে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের প্রদত্ত সব প্রকার ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত আয় নির্ধারিত ব্যাংক হিসাব অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (SPG) কিংবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তবে জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে আদায়কৃত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, আয়-ব্যয়ের খাতে কোনো সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে তাদের অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দিতে হবে।

২০২৫ সালের ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক সার্কুলারে বলা হয়, বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্লাসে উঠলে কোনও ভর্তি ফি নেওয়া যাবে না। কিন্তু এরপরও পুনঃভর্তি ফি গ্রহণ বন্ধ না হওয়ায় গত ২৫ জানুয়ারি জনস্বার্থে বাংলাদেশ আইন ও অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালক সুজন মাহমুদ রিট করেন। রিটে তার আইনজীবী ছিলেন সাইফুল ইসলাম তপু।

রিটে আদালত শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তিতে ফি নেয়া যাবে না মর্মে আদেশ দিয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন