দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য : ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো অনিয়ম বা দুর্নীতির প্রশ্নই আসে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি। সততা ও নীতির প্রশ্নে কোনো আপস নেই। সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন।
স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না। সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী মনোভাব নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে’।
সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় রাজশাহীর সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে করণীয় বিষয়েও আলোচনা হয়।
আই/এ