দেশজুড়ে

ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং মঈনুল ইসলাম (৫০)। তারা উভয়ই গাইবান্ধার বাসিন্দা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে এক নারী তার এক আত্মীয়কে নিয়ে ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। পরে স্থানীয় মাদারহাট খেয়াঘাট এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী তাদের পথরোধ করে। ধারালো অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ধাওয়া দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে পুকুর থেকে তুলে মারধর করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন