এবার বৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
বিশ্বের সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর সাময়িক শুল্কের হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক কর্মসূচিকে ‘অবৈধ’ ঘোষণার পর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে অনুমোদিত সর্বোচ্চ ১৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। অনেক দেশ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে (আমি আসার আগ পর্যন্ত!), যার কোনও প্রতিকার ছিল না। এখন সেই আইনিভাবে পরীক্ষিত সর্বোচ্চ হার কার্যকর হবে।”
বর্তমান আইন অনুযায়ী, একজন মার্কিন প্রেসিডেন্ট ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন। তবে ট্রাম্পের এই নতুন পদক্ষেপটিও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আই/এ