আইন-বিচার

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ

ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।   দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধ সুবিধা হিসেবে গ্রহণের অভিযোগ রয়েছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগ অনুসারে, গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ এর দখল তিনি দলীয় প্রভাব ব্যবহার করে গ্রহণ করেন।

তদন্ত সংশ্লিষ্টরা আদালতকে জানান, সম্পত্তিটি হস্তান্তরযোগ্য না হওয়া সত্ত্বেও তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর নিকটাত্মীয় পরিচয় এবং প্রভাব ব্যবহার করে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে শেখ রেহানা-র মেয়ে হিসেবে পারিবারিক প্রভাব এবং রাজউকের আইন উপদেষ্টা পদে থাকার সুযোগ নিয়ে সংস্থার আইন কর্মকর্তাকে প্রভাবিত করার অভিযোগও উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মামলার আলামত নষ্টের চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় তাকে গ্রেপ্তার করা প্রয়োজন। তবে তিনি দেশত্যাগ করায় ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। এ প্রেক্ষিতে আদালত রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন