দেশজুড়ে

নদীপথে চাঁদাবাজি ও নৌযানে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

নদীপথে বালু পরিবহনে বাধা, চাঁদাবাজি ও নৌযানে অগ্নিসংযোগের  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জ জেলার নৌযান শ্রমিক ও কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বৈধ কাগজপত্রের মাধ্যমে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হলেও একটি অসাধু চক্র নদীপথে নৌযান চলাচলে বাধা দিচ্ছে। নৌযান আটকে নগদ অর্থ ও মোবাইল ফোনের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগও তোলা হয়।

শ্রমিকরা জানান, এসব ঘটনায় তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। সম্প্রতি একটি বালুবাহী নৌযানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। এতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মানববন্ধন শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ সময় শ্রমিকরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বৈধ ব্যবসা পরিচালনা করতে চাই। প্রশাসনের সহযোগিতা পেলে নদীপথে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন শ্রমিকরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন