আন্তর্জাতিক

বেঁচে আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ: উপদেষ্টা 

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জনকে নাকচ করেছেন তার এক ঘনিষ্ঠ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আহমাদিনেজাদ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানজুড়ে যখন নানা গুজব ছড়াতে শুরু করে, তখন রোববার (১ মার্চ) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেন ওই উপদেষ্টা।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা আনাদোলুকে জানান, তিনি সরাসরি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন। উপদেষ্টার ভাষ্য, আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

উপদেষ্টা আরও জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) আহমাদিনেজাদের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি ভবনে হামলা চালানো হয়। সেই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর তিন সদস্য নিহত হন। তারা সাবেক প্রেসিডেন্টের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বলেন, আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি হামলার শিকার হওয়া ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং সম্পূর্ণ অক্ষত রয়েছে।

এর আগে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। তবে উপদেষ্টার বক্তব্যে সে গুঞ্জনকে ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন