খামেনি হত্যাকাণ্ডে জাতিসংঘের কাছে কঠোর পদক্ষেপ চাইল ইরান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। চিঠিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সংঘটিত এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জাতিসংঘকে ‘তাৎক্ষণিক ও স্পষ্ট’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আরাঘচি তার বার্তায় ঘটনাটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, এটি একটি বিপজ্জনক ও নজিরবিহীন উসকানি, যা আন্তর্জাতিক শিষ্টাচার ও রাষ্ট্রীয় মর্যাদার ভিত্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং তা দায়িত্বজ্ঞানহীনভাবে নতুন সংকটের দ্বার উন্মুক্ত করছে। এতে রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং বৈশ্বিক স্থিতিশীলতা গুরুতর হুমকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি।
সবশেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের মৌলিক দায়িত্ব। তাই এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহির আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তেহরান।
এসি//