বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মো. তারেক (৪৮)। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা।
সোমবার (০২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে তারেক সেখানে কাজ করছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুফাতো ভাই মোশারফ হোসেন, যিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্যটি জানান।
প্রবাসীর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসি//