জাতীয়

মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরাইল আগ্রাসন ও  চলমান বৈশ্বিক পরিস্থিতি ঢাকাস্থ মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিপ্লোমেটিক এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা খাতে দীর্ঘদিন ধরে সহযোগী হিসেবে কাজ করছে।

জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

ক্রিস্টেনসেন জানান, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসসহ সমগ্র ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা সুসংহত করতে এসপিইএআর প্রোগ্রাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্র আগ্রহী। এ লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর প্রয়োজন, না হলে এ তহবিল অন্যত্র স্থানান্তরিত হতে পারে। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রদূত আরও বলেন, অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশে ইএনভি প্রোগ্রাম বাস্তবায়ন করতে চায় যুক্তরাষ্ট্র। এটি কার্যকর হলে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ গ্রিন জোনে অন্তর্ভুক্ত হতে পারে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার শেন স্যান্ডার্স, পলিটিক্যাল স্পেশালিস্ট তানিক মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন