ইরান নয়, সৌদির আরামকোতে হামলা করেছিল ইসরাইল!
ইরানের একটি সামরিক সূত্র দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ–এ অবস্থিত আরামকো তেল শোধনাগারে চালানো হামলাটি মূলত ইসরাইলের একটি গোপন ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন। মঙ্গলবার (০৩ মার্চ ) আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া সাক্ষাৎকারে সূত্রটি জানায়, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ ঘোরানোর উদ্দেশ্যেই এই হামলার ঘটনা সাজানো হয়েছে।
সূত্রটির দাবি, ইসরাইল এই ধরনের গোপন কৌশলের মাধ্যমে নিজেদের সামরিক অভিযানের দায় অন্য পক্ষের ওপর চাপানোর চেষ্টা করছে। ইরানের অবস্থান হলো, তারা শুধু এই অঞ্চলে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এখন পর্যন্ত আরামকো তাদের অভিযানের লক্ষ্যবস্তু ছিল না।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই সূত্র আরও সতর্ক করে জানিয়েছে, ফুজাইরাহ বন্দর–ও ইসরাইলের সম্ভাব্য পরবর্তী হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাদের পরিকল্পনা অনুযায়ী, একই ধরনের গোপন অভিযান চালিয়ে অন্য পক্ষের ওপর দায় চাপানোর কৌশল নেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত সোমবার (০২ মার্চ ) টাইমস অব ইসরাইল–এর প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলার কারণে সৌদি আরামকোর রাস তানুরা শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পরে প্রতিষ্ঠানটি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
ইরানি পক্ষ এই ঘটনাকে সাজানো নাটক হিসেবে অভিহিত করেছে।
সামরিক বিশ্লেষকদের ধারণা, ‘ফলস ফ্ল্যাগ’ কৌশলের মাধ্যমে ইসরায়েল নিজেদের আড়াল করে তেহরানের ওপর দায় চাপিয়ে নতুন সামরিক পদক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকির মুখে পড়েছে।
এসি//