আটকে পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি দেশে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বহু বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না। এই পরিস্থিতিতে আটকে পড়া নাগরিকদের ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (০৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে একই বিমানবন্দর থেকে দুবাই যাবে। ফিরতি যাত্রায় সেটি স্থানীয় সময় রাত ১০টায় দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাড়াও এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে এ ধরনের বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এসব ফ্লাইটে অগ্রাধিকার পাবেন সেইসব যাত্রী, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা খুব শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে।
এসি//