আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে এবার ‘না’ বলে দিল আরব আমিরাত

সংঘাত পরিস্থিতিতে কোনো পক্ষকেই নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই অবস্থানের ফলে দেশটির আকাশপথ বা স্থলভাগ ব্যবহার করে ইরানে কোনো সামরিক হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (০৩ মার্চ) দেশটির মিনিস্টার অব স্টেট ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিম আল হাসিমি বলেন, সংযুক্ত আরব আমিরাতের অবস্থান পরিষ্কার। কোনো ধরনের সামরিক অভিযানের জন্য দেশের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না।

তিনি আরও বলেন, নাগরিক, প্রবাসী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউএই তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি এ সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করেন এবং বলেন, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সামরিক সমাধান কার্যকর নয়। নতুন করে উত্তেজনা বাড়লে আঞ্চলিক নিরাপত্তা আরও সংকটের মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইউএই তেহরানে তাদের দূতাবাস বন্ধ করে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, আকাশপথ থেকে আসা যেকোনো হুমকি মোকাবিলায় তাদের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে কাজ করতে সক্ষম।

এদিকে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক আল মাররি জানিয়েছেন, দেশটিতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপণ্যের পর্যাপ্ত কৌশলগত মজুত রয়েছে, যা আগামী চার থেকে ছয় মাসের চাহিদা পূরণ করতে সক্ষম। সরবরাহ ব্যবস্থায় ঘাটতি নেই এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

সূত্র: জিও টিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন