দেশজুড়ে

ছোট বোনকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের কচাকাটা এলাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

শুক্রবার (০৬ মার্চ) র‍্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে বদরগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (৩৫) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া আবুল কালাম ও তার সহযোগীরা নিহত শাহিদা খাতুনের ছোট বোনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর শাহিদা খাতুন ও তার ছোট ভাই এর প্রতিবাদ করেন এবং বিষয়টি নিষ্পত্তির জন্য গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তি সেই সালিশে উপস্থিত না হওয়ায় বিরোধটি মীমাংসা হয়নি।

এর জেরে গেল ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধোয়ার সময় ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০–এর ৩০২, ১০৯ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন