দেশজুড়ে

নিলামে গরু কিনে এক বছরেও টাকা দেননি জীবন, জানেন না জেলা প্রশাসক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ–এর নিলাম থেকে গরু কিনে প্রায় এক বছরেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা মো. জীবন মিয়ার (২৮) বিরুদ্ধে। তিনি সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও অভিযুক্ত।

মসজিদ প্রশাসনের দাবি, গেল বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু ৫৫ হাজার টাকায় কিনেছিলেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি কোনো টাকা দেননি। প্রায় এক বছর পার হলেও এখনো ওই অর্থ পরিশোধ করা হয়নি।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে টাকা না দিয়ে উল্টো বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা নেই। কেউ তাকে এ বিষয়ে অবহিত করেনি। নিলামের গরু বাকিতে বিক্রি হলো কীভাবে—তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জীবন মিয়া নিজেকে কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য দাবি করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর পৌর সভাপতি আমিনুল ইসলাম আশফাক জানান, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটিই নেই। কেউ যদি দলের নাম ব্যবহার করে থাকে, তা সাংগঠনিক নয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে পাগলা মসজিদে দানের মালামাল নিলামের সময় জীবন মিয়ার নেতৃত্বে স্থানীয় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে চ্যানেল টোয়েন্টিফোর–এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশন–এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু গুরুতর আহত হন।

ঘটনার পর আহত পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন কিশোরগঞ্জ সদর মডেল থানায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালম ভূঞা জানান, মামলার পর অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম ঘিরে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন