জাতীয়

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (০৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস—এসব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বের শক্তিশালী গণতন্ত্রের দেশের সংসদে যেসব চর্চা রয়েছে, সেগুলোর ওপরও কথা বলা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে মানুষ অনেকটা আশ্বস্ত হবে এবং বলবেন—এমন সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে মুছে ফেলা হবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন বলেন, যারা নতুন এমপি, তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালো শিখবেন। নতুনদের ভেতরে খারাপ সংস্কৃতি না থাকলে তারা সঠিক শিক্ষা পাবেন। তিনি তুলনা করে বলেন, “একটা বাচ্চা যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক তেমনই নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।”

এ কর্মশালার মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তোলার কৌশল শেখানো হচ্ছে। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ফরিদপুর জেলার এমপি, বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপি অংশগ্রহণ করেছেন।

বিএনপি জানায়, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন