জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস আজ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রোববার (০৮ মার্চ) উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা কর্মসূচি গ্রহণ করেছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন বেসরকারি সংস্থা ও ব্যাংকের উদ্যোগে অদম্য নারী পুরস্কার প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার বিষয়টিও উল্লেখযোগ্য।

এ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি দেশজুড়ে নারী অধিকার, সমতা ও ন্যায়বিচারের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) প্রচারাভিযান পরিচালিত হচ্ছে, যা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে। এসব কর্মসূচির মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লিখিত প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য মহিলা অধিদপ্তর নির্দেশনা দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আন্তর্জাতিক নারী দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা ও মানবিক কর্মপরিবেশের দাবিতে সুতা কারখানার নারী শ্রমিকরা আন্দোলনে নামেন।

পরবর্তীতে, ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৯১১ সাল থেকে দিবসটি পালন শুরু হয়।

১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং সারা বিশ্বে দিনটি পালনের আহ্বান জানায়। এরপর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়ে আসছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন