দেশজুড়ে

ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে মোয়াজ্জেম নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামে ঈদগাহে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন (৬৫) ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মডেল মসজিদের মোয়াজ্জেম ছিলেন।

শনিবার (০৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন এবং তিনটি বাড়িঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুরের সাকোয়া গ্রামে একটি মডেল মসজিদ রয়েছে। শনিবার রাত ৭টার দিকে তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে মসজিদে আলোচনা হয়। এ সময় দুই পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম করার দাবি তুললে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে আবারও সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোয়াজ্জেম আলাউদ্দিন গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ওই এলাকার তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং সড়ক অবরোধ করেন। রাত ১১টা পর্যন্ত অবরোধ চলায় রাজশাহী–নওগাঁ সড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি এস এম মইন উদ্দিন জানান, ঈদগাহ মাঠের ইমাম নিয়োগ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যার পর প্রথমে মারামারি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মসজিদের মোয়াজ্জেম আলাউদ্দিন নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন