‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া
গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (০৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্যাটাগরিতে নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সম্মাননা পান বেগম খালেদা জিয়া।
এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বক্তব্যে তিনি বলেন, ‘শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া অদম্য ও অবিচল ছিলেন।’
তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ এমন একটি দেশ হবে, যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস হোক সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকার।’
এমএ//