আইজিপির বাসায় চুরির খবর ভিত্তিহীন : পুলিশ সদর দপ্তর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ঝড়-বৃষ্টির সময় ছিঁড়ে যাওয়া সার্ভিস লাইনের তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
পুলিশ সদর দফতর জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়, তা তাদের নজরে এসেছে। তবে বাস্তবে সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেগুলো নিয়ে যায়।
বিষয়টি পুলিশের নজরে আসার পর মঙ্গলবার অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
আই/এ