জাতীয়

সদরঘাটের দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

রাজধানীর সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর দায়ী দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ঘটনাস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুইটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে এবং অপর কমিটির নেতৃত্বে রয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি আরও বলেন, তদন্তে যাদের দায় প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রী দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে জানান, আহতরা একই পরিবারের সদস্য এবং বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন