আন্তর্জাতিক

ফের কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা

আবারও কুয়েতের একটি তেল শোধনাগার ড্রোন হামলার শিকার হয়েছে। দ্বিতীয়বারের মতো এমন হামলার ঘটনায় দেশের জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে।

কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি কার্যকরী ইউনিটে ড্রোন আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

এর আগে মিনা আল-আহমাদি শোধনাগারেও একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি ইউনিটে সীমিত আকারে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ক্ষেত্রেই নিরাপত্তা মান বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানের প্রধান গ্যাসক্ষেত্রে সাউথ পার্সে হামলা করে ইসরাইল। এর জবাবে সৌদি আরব, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জ্বালানি খাত ও পানি শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন