মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশাকে বাস চাপা, নিহত ২
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে বাস চাপা দেয়ায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ক্লাবের বাজারে তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক বৃদ্ধ নিহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আই/এ