আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘর্ষে ৩২২০ ইরানি নিহত

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান সংঘর্ষে ৩ হাজার ২২০ জন ইরানের নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

শনিবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির মতে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকেই ইরানে এ প্রাণহানির ঘটনা ঘটেছে।

এইচআরএএনএ’র তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৩৯৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে প্রায় ২১০ জন শিশু রয়েছে। এছাড়া ১ হাজার ১৬৫ জন সামরিক সদস্য এবং পরিচয় যাচাই করা যায়নি এমন আরও ৬৫৭ জনের মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।

তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি হিসাব অনুযায়ী  এ সংঘাতে নিহতের সংখ্যা ১ হাজার ৪৪৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ হাজার ৫৫১ জন।

এইচআরএএনএ জানিয়েছে, তারা মাঠপর্যায়ের তথ্য, স্থানীয় সূত্র, চিকিৎসা ও জরুরি সেবা সংক্রান্ত তথ্য, নাগরিক সমাজের নেটওয়ার্ক এবং ছবি-ভিডিওসহ বিভিন্ন উন্মুক্ত উৎস বিশ্লেষণ করে এই পরিসংখ্যান প্রস্তুত করেছে।

তবে সংস্থাটির এসব দাবি আলজাজিরা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন