আন্তর্জাতিক

চার মাসের সর্বনিম্নে স্বর্ণ দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। সোমবার (২৩ মার্চ) দিনের শুরুতেই দাম ২ শতাংশের বেশি কমে প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বাড়তে থাকা মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই এই পতনের মূল কারণ। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে যেতে শুরু করেছেন।

বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪,৩৬৬.৯৪ ডলারে নেমে আসে। একই সময়ে ফিউচার মার্কেটেও দর পড়ে দাঁড়ায় ৪,৩৬৯.৯০ ডলারে।

তেলের বাজারে অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ায় সুদের হার বাড়তে পারে, এমন ধারণা থেকে সুদবিহীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিকে বৈশ্বিক শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। অনেক বিনিয়োগকারী অন্যান্য খাতের ক্ষতি সামাল দিতে স্বর্ণ বিক্রি করছেন, যা দামে আরও চাপ তৈরি করছে।

বিশেষ করে হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ছে, ফলে মুদ্রাস্ফীতির ঝুঁকিও বাড়ছে।

অন্যদিকে রূপা ও প্লাটিনামের দামও কমেছে। তবে প্যালাডিয়ামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

সূত্র: রয়টার্স

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন