আন্তর্জাতিক

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (২৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনাটি পুতুমায়ো প্রদেশের দুর্গম পুয়ের্তো লেগুইজামো এলাকায় ঘটেছে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ১২৫ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর বিমানে থাকা গোলাবারুদে আগুন ধরে বিস্ফোরণ ঘটে, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে। তবে এতে কোনো সশস্ত্র গোষ্ঠীর হামলার প্রমাণ পাওয়া যায়নি।

বিমানবাহিনী জানিয়েছে, লকহিড মার্টিন নির্মিত হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি সৈন্য পরিবহনের দায়িত্বে ছিল। উড্ডয়নের স্থান থেকে অল্প দূরেই এটি মাটিতে আছড়ে পড়ে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অনেকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের দ্রুত চিকিৎসা দিতে বিশেষ ব্যবস্থায় রাজধানী বোগোতাসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন