বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সকালে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, কচাকাটা থানাধীন এলাকায় বসবাসকারী ২৩ বছর বয়সী ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে প্রায় সাত মাস আগে জাহিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন তাকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দেয় জাহিদ। সেই অনুযায়ী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে তিনি জাহিদের এক বন্ধুর বাড়িতে যান।
পরে জাহিদ আরও দুই সহযোগীকে নিয়ে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জাহিদ ও তার দুই সহযোগী পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী রাতে একটি বাড়িতে আশ্রয় নেন। পরদিন পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং রাতে থানায় মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এমএ//