দেশজুড়ে

উখিয়ায় স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগ, উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধেই মামলা

কক্সবাজারের উখিয়ায় স্থানীয় এক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ নির্যাতনের অভিযোগকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার প্রায় দুই সপ্তাহ পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীর পরিবারের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

নির্যাতনের শিকার শান্তমনি আক্তার উপজেলার উত্তর রহমতের বিল এলাকার বাসিন্দা এবং থাইংখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় জনপ্রতিনিধি নুরবানু মেম্বার জানান, মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট এবং স্পর্শকাতর অঙ্গগুলোতে গুরুতর ক্ষত রয়েছে, যা ঘটনার নৃশংসতার প্রমাণ বহন করে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গেল ১২ মার্চ পালংখালী ইউনিয়নের যুবদল নেতা আবুল ফয়েজ ও তার সহযোগীদের বিরুদ্ধে শান্তমনিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে কয়েকজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তবে অভিযোগ উঠেছে, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না নিয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। ইতোমধ্যে ওই মামলায় একজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি শান্তমনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে সচেতন মহলও এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন