দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: নৌমন্ত্রী
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস ডুবে যাওয়া ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৫ মার্চ) রাতে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরপর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালায়।
মন্ত্রী আরও জানান, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে।
নৌপরিবহন মন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসি//