স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের শুভেচ্ছা
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, ভারত ও ইতালি—এই পাঁচ দেশ পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশগুলোর পক্ষ থেকে পাঠানো বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা জানানো হয়।
যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর নতুন এক অধ্যায়ে প্রবেশের সময়ে এই উদ্যাপন বিশেষ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে।
চীন
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বার্তায় বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের কথাও বলা হয়। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও পৃথকভাবে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্য
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানও তিনি উল্লেখ করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের ভূমিকাকে প্রশংসা করেন।
ভারত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বার্তায় দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই সম্পর্ক দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তি তৈরি করেছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে।
ইতালি
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লা স্বাধীনতার বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানান। তিনি বলেন, ঢাকা ও রোমের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা দুই দেশের সম্পর্ককে দৃঢ় করেছে। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ভূমিকাও তিনি উল্লেখ করেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এমএ//