ইসরাইল পরাজয়ের মুখে পড়লে ইরানের বিরুদ্ধে লড়বে উগান্ডা
ইসরাইল যদি যুদ্ধে পরাজয়ের মুখে পড়ে, তাহলে তাদের সমর্থনে সরাসরি যুদ্ধে অংশ নেবে উগান্ডা। এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুউহুজি কাইনেরুগাবা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক এক বার্তায় জেনারেল কাইনেরুগাবা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত শেষ হওয়া উচিত। তবে কেউ যদি ইসরাইলকে পরাজিত করার চেষ্টা করে, তাহলে উগান্ডা সেই পরিস্থিতিতে নিরপেক্ষ থাকবে না। তারা ইসরাইলের পক্ষেই অবস্থান নেবে।
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে কাইনেরুগাবা যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ মন্তব্য করেন। তার এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্তব্যের কারণে আলোচনায় রয়েছেন কাইনেরুগাবা। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান নেতানিয়াহুর স্মরণে একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন। ইয়োনাতান ১৯৭৬ সালে উগান্ডার এনটেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারের অভিযানে নিহত হন।
গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা বাড়ছে এবং এর প্রভাব আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।
এমএ//