রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের চলমান সংকটে পাচার রোধে রাজশাহীর ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারির জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) থেকে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের সদস্যরা এ নজরদারি করবে। আজ বেলা ১১টায় নগরীর শিরোইলের একটি ডিপোতে সার্বিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
তিনি জানান, বিজিবিকে ডিপোগুলোকে নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য তিনটি ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর সার্বিক নিরাপত্তা এবং সরবরাহ নিশ্চিত করা এর উদ্দেশ্য।
পাশাপাশি ১২টি ফিলিং স্টেশনেও নজরদারি করা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানী তেলের মূল্য বেশি। কাজেই বিদ্যমান বিশ্বপরিস্থিতির কারণে একটি অসাধু চক্র জ্বালানী তেল মজুতের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় তা সীমান্ত দিয়ে পাচারের চেষ্ট করছে। এ জন্য সীমান্তেও নজরদারি বাড়িয়েছে বিজিবি।
রিয়াজ শাহরিয়ার জানান, এই সংকটকালীন মূহুর্তে নজরদারির পাশাপাশি রাজশাহীর স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছে বিজিবি।
আই/এ