ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি!
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের বার্তা দিল ইতালি। সিসিলি দ্বীপের সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহার করতে চাইলেও এতে সম্মতি দেয়নি ইতালীয় সরকার।
মঙ্গলবার (৩০ মার্চ) ইতালির পত্রিকা করিয়েরে দেল্লা সেরা এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ইতালির সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে আগাম আলোচনা না করেই সিগোনেল্লা ঘাঁটিতে কয়েকটি শক্তিশালী বোমারু বিমান পাঠায়। ধারণা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল।
বিষয়টি জানার পর রোম দ্রুত ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে।
ইতালি স্পষ্ট জানিয়ে দেয়, মধ্যপ্রাচ্যে কোনো সামরিক অভিযানে তাদের এই ঘাঁটি ব্যবহার করা যাবে না।
পাশাপাশি তারা আরও জানায়, ইতালির অন্য কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে হলেও আগে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে।
ইতালিতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে সিগোনেল্লা ছাড়াও নেপলসের নৌঘাঁটি, ক্যাম্প ডার্বি, ভিসেঞ্জা সেনাঘাঁটি এবং আভিয়ানো বিমানঘাঁটি উল্লেখযোগ্য।
এর আগে একই ধরনের সিদ্ধান্ত নেয় স্পেনও। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে তারা মোরোন ও রোতা সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা দেয়।
এই ঘটনাগুলোকে ঘিরে ইউরোপীয় মিত্রদের মধ্যে ইরান ইস্যুতে ভিন্নমত আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসি//