নিখোঁজ মার্কিন ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা ইরানের
মধ্য ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে ১০ বিলিয়ন তুমান (প্রায় ৬৬ হাজার ১০০ ডলার বা ৮১ লাখ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে সামরিক বাহিনী। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে, কেউ ওই পাইলট বা ক্রুকে জীবিত ধরিয়ে দিলে তাকে পুরস্কৃত করা হবে।
দক্ষিণ-পশ্চিম ইরানের দুর্গম পাহাড়ি এই অঞ্চলে ব্যাপক তল্লাশি চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ারি এলাকাতেও অনুসন্ধান জোরদার করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।
স্থানীয় টেলিভিশন সম্প্রচারে সন্দেহভাজন কাউকে দেখামাত্র নিরাপত্তা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, নিখোঁজ পাইলটকে আটক করা গেলে তার সঙ্গে যেন কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয়।
পুরস্কার ঘোষণার পর অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকায় মার্কিন হেলিকপ্টার ও বিমানকে তল্লাশি চালাতে দেখা গেছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ওই ‘অপরাধী মার্কিন পাইলটকে’ ধরিয়ে দেওয়ার জন্য ১০ বিলিয়ন তুমান (৬৬ হাজার ১০০ ডলার বা প্রায় ৮১ লাখ টাকা) পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।
বিধ্বস্ত যুদ্ধবিমানটি এফ-১৫ই মডেলের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেখানে সাধারণত এফ-১৫ই যুদ্ধবিমানটিতে একজন পাইলট ও একজন উইপন সিস্টেম অফিসার (অস্ত্রব্যবস্থা কর্মকর্তা) থাকেন। তাদের একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
এমএ//