বিনোদন

রাহুলের মৃত্যুরহস্য ঘনীভূত, মধ্যরাতে থানায় প্রিয়াঙ্কা–প্রসেনজিৎ  

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এবার থানায় মামলা করেছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

শনিবার গভীর রাতে তালসারি থানায় গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দায়ের করেন। এ সময় তার পাশে ছিলেন টালিউডের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, রাত প্রায় ১১টার দিকে থানায় পৌঁছে স্বামীর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান প্রিয়াঙ্কা।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে প্রসেনজিৎ জানান, অভিযোগ দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে এবং বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।

এদিন সকাল থেকেই প্রিয়াঙ্কার পাশে ছিলেন টালিউডের সহশিল্পীরা। তাদের উপস্থিতি এই ঘটনার গুরুত্ব ও উদ্বেগকে আরও স্পষ্ট করে তোলে।

এর আগে একই দিনে কলকাতার রিজেন্ট পার্ক থানায় টালিউডের শিল্পী সংগঠন ‘আর্টিস্ট ফোরাম’-এর পক্ষ থেকেও একটি মামলা করা হয়। সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, একটি ধারাবাহিক নাটকের শুটিং চলাকালে অবহেলা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করানোর কারণেই রাহুলের মৃত্যু হয়েছে।

এছাড়া সংস্থাটির কর্ণধার পরিচালক শৈবাল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায়সহ কয়েকজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। আরও দাবি করা হয়েছে, শুটিং চলাকালে জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করানো হয়েছিল এবং ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।

গত ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন রাহুল।

প্রাথমিক ময়নাতদন্তে বলা হয়েছে, পানিতে ডুবে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে তিনি পানিতে পড়লেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে টালিউডজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিবার ও সহশিল্পীরা শুরু থেকেই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছেন। প্রিয়াঙ্কাও চান, ঘটনার প্রকৃত সত্য সামনে আসুক এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এখন তদন্তের মাধ্যমেই সামনে আসবে, ঠিক কীভাবে শুটিং সেটে ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনা এবং কার অবহেলায় হারাতে হলো এক জনপ্রিয় অভিনেতার প্রাণ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন