দেশজুড়ে

নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক কারারক্ষী শিহাব আহমেদ কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ তাকে আটক করেন।

জানা গেছে, দুপুরে শিহাব আহমেদ একটি নম্বরবিহীন কালো মোটরসাইকেল নিয়ে লাইনের বাইরে থেকে এসে জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে অপেক্ষমাণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় ইউএনও কামরুল হাসান মারুফ ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রি কার্যক্রম তদারকি করছিলেন। বিষয়টি তার নজরে এলে তিনি মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন।

পরে কারারক্ষীর কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাকে আটক করা হয়।

ইউএনও কামরুল হাসান মারুফ বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রির মূল উদ্দেশ্য শৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কেউ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম জানান, বিষয়টি তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন