মালয়েশিয়া থেকে আরও ২ জাহাজে আসছে ৫১০০০ টন জ্বালানি তেল
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আরও ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে আসছে দুটি জাহাজ। আগামী ৮ এপ্রিল জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে “এমটি সেন্ট্রাল স্টার” নামের একটি জাহাজ আগামী ৮ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে বহির্নোঙরে পৌঁছাবে “এমটি ইস্টার্ন কুইন্স” নামের অপর একটি জাহাজ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ধরণের জ্বালানি তেল নিয়ে ৩১ মার্চ পর্যন্ত ৩৮টি জাহাজ বন্দরে এসেছে । চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ৬টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে।
আই/এ